কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশকে এগিয়ে নিতে হবে। এ জন্য মাঠমুখী হতে হবে এবং নিজের ফসল নিজেকেই উৎপাদনের উদ্যোগ নিতে হবে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে কুমিল্লা টাউনহল মাঠে কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার দ্বিতীয় দিনে আয়োজিত ‘টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য কারিগরি শিক্ষা এবং উদ্ভাবন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, কৃষি উৎপাদনের জন্য বাংলাদেশ পৃথিবীর অন্যতম উর্বর ও সম্ভাবনাময় অঞ্চল। তবে ফসলে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তার দাবি, এর ফলে দেশের অনেক মানুষ ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছেন।
তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে এবং নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পৃথিবীতে খাদ্যের মোট সরবরাহ নিয়ে বড় ধরনের সংকট না থাকলেও নিরাপদ খাদ্যের ঘাটতি একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
কৃষিপণ্য রপ্তানিতে জোর
কৃষিপণ্যের ভবিষ্যৎ সম্ভাবনা ও সরকারের পরিকল্পনা তুলে ধরে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, কৃষিপণ্যকে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
তিনি বলেন, ‘এ বছর এখন পর্যন্ত দেশের বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। আমরা স্বপ্ন দেখছি, বাংলাদেশ একদিন পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে রপ্তানি করবে। তবে দুঃখের বিষয়, এখনো আমাদের কাঁচা মরিচ, গাজর ও টমেটো আমদানি করতে হয়।’
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছুটির দিনে বাড়িতে গিয়ে মা-বাবার সঙ্গে মাঠে কাজ করছে—এমন দৃশ্য তাকে আশাবাদী করেছে। কৃষি ও প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
সেমিনারের আগে মন্ত্রী মেলায় প্রদর্শিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।
সেমিনারে যারা ছিলেন
কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হাসান। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ পরমানন্দ গোস্বামী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, কুমিল্লা টাউনহলের সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবীর, কুমিল্লা মডার্ন স্কুলের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউল আলম রায়হান, সিসিএন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল নাছের এবং লিবারেল আর্টস অনুষদের ডিন অধ্যাপক ড. আলী হোসেন চৌধুরী।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংশ্লিষ্টরা সেমিনারে উপস্থিত ছিলেন।



