আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিকদের বিশেষ কার্ড দেবে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই কার্ড শুধুমাত্র নিবন্ধিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য প্রযোজ্য হবে। আবেদন সাপেক্ষে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে কার্ড বিতরণ শুরু হবে।
রোববার নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।
তিনি বলেন, কেবলমাত্র নিবন্ধিত গণমাধ্যমের কর্মীদেরই এই কার্ড দেওয়া হবে। ৩ ফেব্রুয়ারি থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে কার্ড বিতরণ করা হবে। প্রথম দিন নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি-এর সদস্যদের কার্ড দেওয়া হবে। পরদিন থেকে ইসি বিটে দায়িত্ব পালনকারী অন্যান্য সাংবাদিকদের কার্ড বিতরণ শুরু হবে, যা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
ঢাকার বাইরের সাংবাদিকদের নিজ নিজ জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কার্ড সংগ্রহ করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
কার্ড সংগ্রহে প্রয়োজনীয় কাগজপত্র:
১. সংশ্লিষ্ট গণমাধ্যমের প্যাডে সম্পাদক/বার্তা প্রধান/প্রধান প্রতিবেদকের স্বাক্ষরিত আবেদন
২. পাসপোর্ট সাইজের ছবি (২ কপি)
৩. অফিস প্রদত্ত পরিচয়পত্র
৪. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি



