বিএনপির সিনিয়র নেতাকে নিয়ে আপত্তিকর মন্তব্যের ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত ৯টা ১১ মিনিটে নিজের ফেসবুক পোস্টে তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে তাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুর কণ্ঠও শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
তিনি উল্লেখ করেন, ভিডিওটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং তা একটি ক্লোজড গ্রুপে সীমাবদ্ধ ছিল। তবে গত ৪ মার্চ ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার ঘটনায় তিনি নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করে বলেন, এমন মন্তব্য করা কোনোভাবেই উচিত হয়নি। ভবিষ্যতে যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে, সে বিষয়ে তিনি সতর্ক থাকবেন।
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য নষ্ট করার সংস্কৃতিকে তারা সমর্থন করেন না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা।
সবশেষে তিনি নিজের কর্মকাণ্ডের জন্য আবারও দুঃখ প্রকাশ করেন।



