প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতে শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এ কারণেই তাকে তাদের সংগঠনে নেওয়া হয়নি।
সম্প্রতি দৈনিক যুগান্তরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারটি নিয়েছেন যোবায়ের আহসান জাবের।
নাসীরুদ্দীন পাটওয়ারীর অতীত রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে নুর বলেন, ব্যাচমেট হিসেবে তার জানা মতে, পাটওয়ারী ইন্টারমিডিয়েট পর্যন্ত ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত ছিলেন। সে সময় শিবিরের নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতনের মুখে থাকায় তিনি বিশ্ববিদ্যালয়ে নিজের রাজনৈতিক পরিচয় গোপন করে ছাত্র ফেডারেশনের সঙ্গে যুক্ত হন বলে দাবি করেন নুর।
তার ভাষ্য অনুযায়ী, পরে ছাত্র ফেডারেশনের নেতারা তার শিবির-সংশ্লিষ্টতার বিষয়টি জানতে পারলে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। এরপর সীমান্ত হত্যা ইস্যুতে কয়েকটি মানববন্ধনের মাধ্যমে তিনি পরিচিতি পান। পরবর্তীতে এবি পার্টির নেতাদের সঙ্গেও কাজ করেছেন এবং গণঅধিকার পরিষদেও যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে ঘন ঘন রাজনৈতিক সংগঠন পরিবর্তনের কারণে তাকে গুরুত্ব দেওয়া হয়নি বলে জানান নুর।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে নুর বলেন, ‘জুলাই আন্দোলনের পথিকৃৎ আমরা। কিন্তু আমাদের পাশ কাটিয়ে কিছু নতুন নেতৃত্বকে এমনভাবে তুলে ধরা হয়েছে যেন তারাই পুরো আন্দোলনের মাস্টারমাইন্ড। অথচ ৫ আগস্টের আগে তাদের অনেককেই কোনো আন্দোলন-সংগ্রামে দেখিনি।’
তিনি আরও বলেন, ‘একক ব্যক্তি হিসেবে আমি আন্দোলনের নেতৃত্বের পর্যায় থেকে এটিকে এই অবস্থানে নিয়ে এসেছি। আমি তো সবাইকে চিনি।’
আন্দোলনের বিভিন্ন নেতার ভূমিকা মূল্যায়ন করতে গিয়ে নুর বলেন, আসিফ ছিলেন শেষ পর্যন্ত সক্রিয় ও লড়াকু। অন্যদিকে নাহিদ মাঝামাঝি সময়ে কিছুটা নিষ্ক্রিয় ছিলেন, যদিও তারও আন্দোলনে অংশগ্রহণ ছিল। তবে পরে আলোচনায় আসা অনেক নেতাকে কোনো মিছিল বা আন্দোলনে দেখেননি বলেও দাবি করেন তিনি।
সাক্ষাৎকারে নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়েও মন্তব্য করেন নুর। তিনি বলেন, ‘এখন যে নাসীরুদ্দীন পাটওয়ারীকে সবাই চেনে, তিনি তো আমাদের ব্যাচমেট। আজ তিনি বড় বড় বক্তব্য দেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন কোনো আন্দোলন, সংগ্রাম, মিছিল বা সভায় আমরা তাকে দেখিনি।’
উল্লেখ্য, নুরুল হক নুরের এসব বক্তব্য তার ব্যক্তিগত দাবি ও রাজনৈতিক মন্তব্য। এ বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর কোনো প্রতিক্রিয়া ওই সাক্ষাৎকারে উল্লেখ করা হয়নি।



