গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী রাজনৈতিক অঙ্গনে উসকানিমূলক ও অশালীন বক্তব্য দিচ্ছেন বলে তিনি মনে করেন। এ সময় তিনি ব্যঙ্গাত্মক মন্তব্য করে বলেন, “আমার মনে হয় নাসীরুদ্দীন পাটওয়ারী জলাতঙ্ক রোগে ভুগছেন। তাকে ভ্যাকসিন দেওয়া দরকার।”
বুধবার (২৮ মে) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের থানা রোড এলাকায় নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাশেদ খান।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী তরুণদের বিভ্রান্ত করছেন এবং রাজনৈতিক সংস্কৃতিতে অশালীন ভাষার ব্যবহার বাড়িয়ে তুলছেন। বক্তব্যের একপর্যায়ে তিনি পাটওয়ারীর সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন।
রাশেদ খান বলেন, “তিনি যেভাবে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন এবং গালাগালের সংস্কৃতি ছড়াচ্ছেন, তা রাজনৈতিক পরিবেশের জন্য ক্ষতিকর। আমাকে নিয়ে আমার নিজ জেলায় এসে মন্তব্য করেছেন। আবার ঝিনাইদহে এলে আমি তাকে প্রটেকশন দেব।”
এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘রাজনৈতিক জোকার’ আখ্যা দিয়ে রাশেদ খান দাবি করেন, তিনি নিয়মিত বিতর্কিত বক্তব্য দিয়ে দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করছেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, ঝিনাইদহ সফরের সময় পাটওয়ারী অস্ত্রধারী ক্যাডার নিয়ে এসেছিলেন। তবে তার ওপর ছাত্রদলের কেউ হামলা চালায়নি বলেও দাবি করেন তিনি।



