পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া আলোচিত অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ আপাতত কোরবানি হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে মহিষটি আবারও নারায়ণগঞ্জের খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (২৭ মে) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, বিশৃঙ্খলার আশঙ্কা থাকায় কেরানীগঞ্জের ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে মহিষটি খামারে ফিরিয়ে নেওয়া হয়েছে। আপাতত নারায়ণগঞ্জের রাবেয়া এগ্রো ফার্মেই মহিষটিকে লালন-পালন করা হবে।
জানা যায়, অ্যালবিনো জাতের এ বিরল মহিষটির চুল ও চোখের গঠন অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায়, নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’। নামটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মহিষটি।
ভাইরাল হওয়ার আগেই প্রায় ৭০০ কেজি ওজনের মহিষটি রাজধানীর জিনজিরা এলাকার বাসিন্দা সামির নামের এক ক্রেতা প্রতি কেজি ৫৫০ টাকা দরে কিনেছিলেন।
মহিষটিকে এক নজর দেখতে শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ ভিড় জমাতেন খামারে। বরিশাল, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকেও অনেকে ছুটে আসেন। অনেকেই মহিষটি কিনতে না পেরে হতাশা প্রকাশ করেন।
দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসে ‘ডোনাল্ড ট্রাম্প’। এএফপি, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে স্থান পায় ভাইরাল এ মহিষটির খবর।
মহিষের মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, এর “অসাধারণ চুল” দেখেই তার ভাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম অনুসারে মহিষটির নাম রাখেন। তিনি বলেন, পুরো মে মাসজুড়ে ঢাকার আশপাশ থেকে দলে দলে মানুষ মহিষটি দেখতে এসেছেন।



