tanaka
প্রচ্ছদরাজনীতি‘ফেসবুক নয়, রাজপথই যুবদলের নেতাকর্মীদের আস্থার জায়গা’: রবিউল ইসলাম নয়ন

‘ফেসবুক নয়, রাজপথই যুবদলের নেতাকর্মীদের আস্থার জায়গা’: রবিউল ইসলাম নয়ন

জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচারের চেয়ে রাজপথের আন্দোলনেই বেশি বিশ্বাসী বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

রবিউল ইসলাম নয়ন বলেন, প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন সংকটময় সময়ে যুবদল রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনটির ৪৮ বছরে পদার্পণের কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, অতীতে যুবদলের নেতাকর্মীদের নির্বিচারে গুলি করে হত্যা, বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা এবং বোমা হামলায় পঙ্গু করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে নানা ধরনের নির্যাতন চালিয়েও যুবদলকে দমিয়ে রাখা সম্ভব হয়নি বলেও দাবি করেন তিনি।

জুলাই-আগস্টের আন্দোলনে যুবদলের ভূমিকার প্রসঙ্গ তুলে নয়ন বলেন, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামসহ নেতারা ওই আন্দোলনে কী ভূমিকা রেখেছেন, তা গণমাধ্যমে প্রকাশিত খবর থেকেই বোঝা গেছে। তবে সে সময় সংবাদমাধ্যমের ওপর বিশেষ নজরদারি থাকায় সব ঘটনা প্রকাশ করা বা গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়নি বলে তিনি মন্তব্য করেন। এরপরও যেসব তথ্য সামনে এসেছে, তাতে দেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে দিতে যুবদলের ভূমিকা স্পষ্ট হয়েছে বলে দাবি করেন তিনি।

যুবদলের নেতাকর্মীরা দেশের প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত উল্লেখ করে নয়ন বলেন, সংগঠনটির পক্ষে থেমে থাকার সুযোগ নেই। তাঁর অভিযোগ, একটি পক্ষ যুবদলকে ঈর্ষা করে এবং ভয় পায়। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটিকে ঘিরে বিভ্রান্তি ও নানা ধরনের অপপ্রচার ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, যুবদলের নেতাকর্মীরা শুধু কথায় নয়, কাজের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে চান। তাঁরা ফেসবুকের চেয়ে রাজপথের আন্দোলনকে বেশি গুরুত্ব দেন এবং গুপ্ত হামলার রাজনীতিতে বিশ্বাস করেন না। বরং হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং অন্যায়ের প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে তাঁরা বারবার রাজপথে দাঁড়ান বলে মন্তব্য করেন রবিউল ইসলাম নয়ন।