অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের জন্য সরকার ফ্যামিলি কার্ডের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি সম্ভব নয়। তাই নারীর অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ করতে হবে।
রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন–এ অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় রাষ্ট্রপতি এ কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছিলেন। বর্তমান সরকারও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষায় অবৈতনিক শিক্ষার পরিকল্পনা গ্রহণ করেছে।
নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়েছে, যা পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহায়তা করবে। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’কে মরণোত্তর অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়; খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া ৮ বিভাগে ৩৯ জন নারীর মধ্যে ৫ জনকে পুরস্কৃত করা হয়।
ডা. জোবাইদা রহমান বলেন, বেগম খালেদা জিয়ার দৃঢ়তায় নারী শক্তি ও নেতৃত্বের সাহস বিকশিত হয়েছে। তিনি নারী দিবসে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের অঙ্গীকারের আহ্বান জানান।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তনের ধারাবাহিকতায় কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং সরকারের লক্ষ্য অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ গঠন।
নারী দিবসের আলোচনা ও অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে সহস্রাধিক নারী অংশগ্রহণ করেন।



