চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের কঠোর সমালোচনা করেছেন। রোববার (৮ মার্চ) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সামরিক শক্তি ব্যবহার করে বর্তমান সংকট কখনও সমাধান হবে না। সংঘাতের বদলে কূটনৈতিক আলোচনাই দীর্ঘস্থায়ী শান্তির পথ।”
ওয়াং ই আরও হুঁশিয়ারি দেন, “ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের জন্য রঙিন বিপ্লবের মতো উদ্যোগ কোনো সমর্থন পাবে না। সংলাপ এবং কূটনৈতিক মাধ্যমেই শান্তি সম্ভব।” তিনি সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর ওপর জোর দিয়ে বলেন, “মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করতে হবে, যাতে সংঘাত আরও না বাড়ে এবং অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে।”
চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের জনগোই এই অঞ্চলের প্রকৃত মালিক। তাই এই অঞ্চলের বিষয়গুলো স্থানীয় দেশগুলোকে স্বাধীনভাবে সমাধান করার সুযোগ দিতে হবে, বাইরের হস্তক্ষেপ ছাড়া।”
ওয়াং ই কূটনৈতিক সমাধানের গুরুত্বের উপর পুনরায় জোর দিয়ে বলেন, “সব পক্ষ দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসুক। সংলাপের মাধ্যমে মতপার্থক্য সমাধান এবং যৌথ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।” তিনি যোগ করেন, চীন মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা যায়, মানুষের শান্তি নিশ্চিত হয় এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা যায়।
এর আগে গত বুধবার (৪ মার্চ) তিনি ঘোষণা করেছিলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় চীন একজন বিশেষ দূত পাঠাবে।



