tanaka
প্রচ্ছদসারাদেশতরুণদের মধ্যে কমছে যৌন সম্পর্কের প্রবণতা, গবেষণায় উঠে এলো ৭টি কারণ

তরুণদের মধ্যে কমছে যৌন সম্পর্কের প্রবণতা, গবেষণায় উঠে এলো ৭টি কারণ

বিশ্বজুড়েই তরুণ প্রজন্মের মধ্যে যৌন সম্পর্কে জড়ানোর প্রবণতা কমছে। যুক্তরাজ্যসহ উন্নত বিশ্বের বিভিন্ন দেশে গত এক দশকে এ পরিবর্তন বেশ স্পষ্ট হয়ে উঠেছে। গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে ৪৫ বছরের কম বয়সীরা ১৯৯০-এর দশকের একই বয়সী মানুষের তুলনায় বর্তমানে প্রায় অর্ধেকবার যৌন সম্পর্কে জড়াচ্ছেন। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, ফিনল্যান্ড ও জাপানেও একই চিত্র দেখা যাচ্ছে। এমনকি প্রেম ও রোমান্টিক সম্পর্কের জন্য পরিচিত ফ্রান্সেও এ প্রবণতা লক্ষ করা গেছে।

কেন তরুণদের মধ্যে যৌন সম্পর্কের আগ্রহ কমছে, তা নিয়ে গবেষক ও বিশেষজ্ঞদের মধ্যে চলছে নানা বিশ্লেষণ। পর্নোগ্রাফির বিস্তার, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, ডেটিং অ্যাপের প্রতি অনীহা, প্রত্যাখ্যাত হওয়ার ভয় এবং অর্থনৈতিক অনিশ্চয়তাকে সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত যুক্তরাজ্যের চতুর্থ জাতীয় যৌন আচরণ ও জীবনধারা জরিপ (ন্যাটসাল) অনুযায়ী, দেশটিতে বিশেষ করে তরুণদের মধ্যে যৌন সম্পর্কের হার গত এক দশকে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবে জরিপে এ পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করা হয়নি।

গবেষকদের একাংশ মনে করছেন, ইন্টারনেট ব্যবহারের সময় বাড়ার সঙ্গে বাস্তব জীবনে যৌন সম্পর্কে জড়ানোর প্রবণতা কমার সম্পর্ক রয়েছে। অর্থাৎ, মানুষ যত বেশি সময় অনলাইনে ব্যয় করছেন, সরাসরি সামাজিক যোগাযোগ ও ঘনিষ্ঠতার সুযোগ তত কমছে। যদিও বিশ্বের অধিকাংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশের এ বিষয়ে পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি।

ডেটিং অ্যাপের প্রতি বাড়ছে অনীহা

তরুণদের মধ্যে যৌন সম্পর্ক কমার অন্যতম কারণ হিসেবে অনলাইন ডেটিংয়ের প্রতি হতাশার বিষয়টি উঠে এসেছে। যুক্তরাজ্যের ব্রিস্টলের ৩০ বছর বয়সী এক ব্যক্তি জানিয়েছেন, ডেটিং অ্যাপে পরিচয়ের পর অনেকেই কোনো ব্যাখ্যা ছাড়াই হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেন। এ ছাড়া দীর্ঘ সময় ধরে কথোপকথন চালিয়ে সম্পর্কের দিকে এগিয়ে যাওয়ার প্রক্রিয়াটি তার কাছে ক্লান্তিকর মনে হয়েছে। এ কারণে তিনি অ্যাপ ব্যবহার বন্ধ করে দিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, অনলাইনে পরিচয়ের পর হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, দীর্ঘ কথোপকথনের চাপ এবং প্রত্যাশা পূরণ না হওয়ার হতাশা তরুণদের নতুন সম্পর্কে জড়ানোর আগ্রহ কমিয়ে দিচ্ছে।

মুঠোফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব

সারাক্ষণ স্মার্টফোনে ব্যস্ত থাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত সময় কাটানোর কারণে মানুষের সরাসরি মেলামেশার সুযোগ কমছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এ পরিবর্তনের জন্য শুধু প্রযুক্তিকে দায়ী করতে রাজি নন অনলাইন নিরাপত্তা ও আস্থাবিষয়ক বিশেষজ্ঞ অধ্যাপক ভিক্টোরিয়া বেইনস।

তার মতে, আগের প্রজন্মের তরুণ-তরুণীরা রাতের বিনোদনকেন্দ্র, পানশালা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে গিয়ে সহজেই নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেতেন। বর্তমানে এসব জায়গার জনপ্রিয়তা কমেছে। একই সঙ্গে তরুণদের মধ্যে মদ্যপানের প্রবণতাও আগের তুলনায় হ্রাস পেয়েছে। ফলে নতুন মানুষের সঙ্গে পরিচয় এবং ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার সুযোগও সীমিত হচ্ছে।

যুক্তরাজ্যের ২৫ বছর বয়সী এক শিক্ষার্থীর অভিজ্ঞতাতেও বিষয়টি উঠে এসেছে। তার মতে, ২০০০-এর দশকে রাতে বাইরে যাওয়া, বন্ধুদের সঙ্গে মদ্যপান এবং আকস্মিক সম্পর্কে জড়ানোর প্রবণতা বেশি ছিল। এখন অনেকেই শুক্রবার ও শনিবার রাতে বাইরে না গিয়ে ব্যায়ামাগারে সময় কাটান কিংবা পরিচিত বন্ধুদের সঙ্গেই সময় পার করেন।

প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কা

সম্পর্কের ক্ষেত্রে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ও তরুণদের মধ্যে দূরত্ব তৈরি করছে বলে মনে করছেন মনোচিকিৎসক ও ঘটকালি বিশেষজ্ঞ সারাহ লুইস রায়ান।

৩০ বছরের কম বয়সী গ্রাহকদের নিয়ে পরিচালিত একটি জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান, অনেক পুরুষ প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কায় নারীদের কাছে আবেগিক কিংবা শারীরিক ঘনিষ্ঠতার প্রস্তাব দিতে দ্বিধা করেন। অন্যদিকে নারীদের অভিযোগ, পুরুষেরা সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় আগ্রহ ও উদ্যোগ দেখান না। এমন পরিস্থিতিতে অনেক নারী নতুন সঙ্গীর সন্ধানে বাইরে যাওয়ার পরিবর্তে ব্যায়ামাগারে সময় কাটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন।

এ অবস্থা কাটিয়ে উঠতে ডেটিং অ্যাপের ওপর নির্ভরতা কমিয়ে খেলাধুলার ক্লাব, দৌড়ের দল কিংবা বই পড়ার সংগঠনে যুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন রায়ান। তার মতে, এসব পরিবেশে স্বাভাবিকভাবেই নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়।

বিনোদনের সহজলভ্যতায় কমছে আকাঙ্ক্ষা

বিশেষজ্ঞদের আরেকটি ব্যাখ্যা হলো, আধুনিক জীবনে মানুষের অবসর সময়ও এখন নানা বিনোদনে পূর্ণ থাকছে। আগে একঘেয়েমি কাটাতে অনেকে বন্ধুদের সঙ্গে দেখা করতেন কিংবা নতুন সম্পর্কের খোঁজ করতেন। কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন গেম, সিনেমা ও ওয়েব সিরিজের মাধ্যমে অবসর সময় কাটানোর অসংখ্য সুযোগ রয়েছে।

যৌনতা ও সম্পর্কবিষয়ক বিশেষজ্ঞ অ্যানাবেল নাইটের মতে, যৌন আকাঙ্ক্ষা তৈরির ক্ষেত্রে একঘেয়েমি, অপেক্ষা, কল্পনা ও মনোযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু এখন অবসর পেলেই মানুষ মুঠোফোনে ব্যস্ত হয়ে পড়ছেন। এতে অন্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের অনুভূতি তৈরি হলেও বাস্তব জীবনে গভীর ঘনিষ্ঠতা গড়ে উঠছে না।

করোনার প্রভাব এখনো কাটেনি

করোনাভাইরাস মহামারির সময় দীর্ঘদিনের লকডাউনও তরুণদের সামাজিক ও যৌন জীবনে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলেছে বলে মনে করছেন গবেষকেরা।

অধ্যাপক ভিক্টোরিয়া বেইনসের মতে, লকডাউনের সময় মানুষের সামাজিক যোগাযোগ সীমিত হয়ে পড়েছিল। শারীরিক সংস্পর্শকেও তখন ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হতো। অনেক তরুণ বিশ্ববিদ্যালয়জীবন শুরু করেছেন ঘরে বন্দি অবস্থায়। ফলে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং স্বাভাবিকভাবে সম্পর্ক গড়ে তোলার অভ্যাস বাধাগ্রস্ত হয়েছে।

পর্নোগ্রাফির নেতিবাচক প্রভাব

অনলাইন পর্নোগ্রাফির বিস্তারকেও যৌন সম্পর্ক কমে যাওয়ার একটি সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। জরিপে অংশ নেওয়া অনেকের মতে, পর্নোগ্রাফিতে অতিরিক্ত আক্রমণাত্মক ও বাস্তবতাবিবর্জিত যৌন আচরণ প্রদর্শনের কারণে বাস্তব জীবনের ঘনিষ্ঠতা সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

স্কটল্যান্ডের ৫৩ বছর বয়সী এক ব্যক্তির মতে, পর্নোগ্রাফির ব্যাপক ব্যবহারের ফলে যৌনতাকে উপভোগের বিষয় হিসেবে উপস্থাপনের পরিবর্তে অনেক ক্ষেত্রে আগ্রাসী আচরণের সঙ্গে যুক্ত করা হচ্ছে।

যৌন সম্পর্ক কমে যাওয়া কি উদ্বেগের বিষয়?

তরুণদের মধ্যে যৌন সম্পর্কের হার কমে যাওয়াকে অবশ্য সবাই নেতিবাচক হিসেবে দেখছেন না। লিডস বিশ্ববিদ্যালয়ের ব্যবহারিক নীতিশাস্ত্রের সহযোগী অধ্যাপক লুক ব্রানিং মনে করেন, সম্মতি ও নিরাপত্তা নিয়ে মানুষের সচেতনতা বেড়েছে। পাশাপাশি বেশি যৌন অভিজ্ঞতাকে সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে বিবেচনা করার প্রবণতাও কমছে।

তার মতে, বন্ধুদের কাছে গ্রহণযোগ্যতা অর্জন কিংবা সামাজিক চাপের কারণে তরুণদের যৌন সম্পর্কে জড়ানোর প্রয়োজন নেই। তাই যৌন সম্পর্কের হার কমেছে বলেই উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।

তবে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ন্যাটসাল জরিপের একাডেমিক পরিচালক সোয়াজিগ ক্লিফটন মনে করেন, যৌনতা অনেক মানুষের সামগ্রিক সুস্থতা ও জীবনযাপনের গুরুত্বপূর্ণ অংশ। সে কারণে মানুষের যৌন আচরণে পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

অর্থনৈতিক অনিশ্চয়তাও বড় বাধা

তরুণদের ব্যক্তিগত ও যৌন জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে অর্থনৈতিক চাপও। চাকরির অনিশ্চয়তা, দীর্ঘ কর্মঘণ্টা, বাড়িভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি ব্যয়ের কারণে অনেকের পক্ষেই নতুন সম্পর্ক গড়ে তোলার জন্য সময় ও মানসিক শক্তি ব্যয় করা কঠিন হয়ে পড়ছে।

নিউক্যাসলের ২২ বছর বয়সী এক তরুণ জানিয়েছেন, বর্তমানে চাকরি পাওয়া কঠিন। আবার চাকরি পেলেও অনেক ক্ষেত্রে কাজের সময়সূচি অনিয়মিত থাকে। তিনি নিজে একটি পানশালায় কাজ করেন এবং কয়েক দিন আগে জানতে পারেন তাকে কখন দায়িত্ব পালন করতে হবে। ফলে ব্যক্তিগত পরিকল্পনা করাও তার জন্য কঠিন হয়ে পড়ে।

তিনি আরও জানান, যার সঙ্গে সম্পর্কে জড়ানোর চেষ্টা করেছিলেন, সেই নারী একসঙ্গে তিনটি চাকরি করতেন। ফলে সম্পর্কের জন্য প্রয়োজনীয় সময় ও শক্তি তার ছিল না।

ওই তরুণের ভাষায়, ‘আমি শুধু চাই নিজের বাড়িভাড়া ও খাবারের খরচ মেটাতে পারব, পাশাপাশি একজন সঙ্গীও থাকবে। এটাই আমার স্বপ্ন।’