শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০২৮ সালে নতুন কারিকুলাম চালুর কথা জানিয়ে আসলেও প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, সরকার নতুন কোনো কারিকুলাম প্রণয়ন করছে না। বরং বর্তমানে চালু থাকা কারিকুলামকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন ও পরিমার্জনের কাজ চলছে।
রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন চারটি পাঠ্যবইয়ের কাঠামো চূড়ান্ত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
ড. মাহদী আমিন বলেন, ‘একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। অনেকেই মনে করছেন আমরা নতুন কারিকুলাম তৈরি করছি। বাস্তবে তা নয়। বিদ্যমান কারিকুলামেই প্রয়োজনীয় পরিবর্তন, পরিবর্ধন, সংযোজন ও ব্যাপক পরিসরে পরিমার্জনের কাজ চলছে।’
তিনি আরও বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়নে শুধু প্রাতিষ্ঠানিক বা অবকাঠামোগত সংস্কার যথেষ্ট নয়; কারিকুলামের সংস্কারই সবচেয়ে বেশি প্রয়োজন। প্রধানমন্ত্রীর লক্ষ্য কেবল ইট-পাথরের অবকাঠামো নির্মাণ নয়, বরং এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা, যেখানে দক্ষ শিক্ষক তৈরি হবে এবং শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানসম্পন্ন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এছাড়া শিক্ষা সচিব আবদুল খালেকসহ শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।



