রাজধানীতে সকাল থেকে টানা বৃষ্টির মধ্যে ইডেন মহিলা কলেজের সামনে একটি বড় গাছ উপড়ে সড়কের ওপর পড়ে গেছে। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় ধরে আটকা পড়েছেন যাত্রী ও চালকরা।
রোববার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে ওই সময় সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে অব্যাহত বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় হঠাৎ করেই গাছটি উপড়ে সড়কের ওপর পড়ে। গাছটি পুরো সড়কজুড়ে পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং অল্প সময়ের মধ্যেই উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ভোগান্তিতে পড়া যাত্রীরা জানান, যানজটের কারণে অনেকেই অফিস ও জরুরি গন্তব্যে সময়মতো পৌঁছাতে পারছেন না। টানা বৃষ্টির মধ্যে দীর্ঘক্ষণ আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন তারা।



