দেশের নতুন ‘ভিসা পলিসি, ২০২৬’ চূড়ান্ত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে সরকার। নীতিমালার খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে ৮ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে পরিমার্জিত খসড়া উপস্থাপনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটিবিষয়ক অধিশাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সদস্য হিসেবে থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী (চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন)।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, তারা ‘ভিসা পলিসি, ২০২৬’-এর খসড়া পরিমার্জন ও চূড়ান্ত করবে। প্রয়োজন হলে কমিটি অতিরিক্ত সদস্য (কো-অপ্ট) অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন করবে।
কমিটির সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া কমিটির সুপারিশ ও পরিমার্জন শেষে ‘ভিসা পলিসি, ২০২৬’-এর চূড়ান্ত খসড়া আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।



