লেবাননের বিভিন্ন এলাকায় আবারও হামলা শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। দেশটির দক্ষিণ ও সীমান্তবর্তী অঞ্চলে হিজবুল্লাহর স্থাপনাকে লক্ষ্য করে এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও এ হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।
বুধবার (৬ মে) আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আইডিএফ এক বিবৃতিতে লেবাননে হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
আইডিএফ জানায়, হিজবুল্লাহর তথাকথিত ‘সামরিক অবকাঠামো’ লক্ষ্য করে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালানো হচ্ছে। তারা দাবি করেছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এর কয়েক ঘণ্টা আগে ইসরায়েলি সেনাবাহিনী অভিযোগ করে, লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের অবস্থানের কাছে একাধিক ড্রোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর জবাব হিসেবেই এই হামলা চালানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে বুধবার সকালে লেবাননের দক্ষিণাঞ্চলের অন্তত এক ডজন গ্রামের বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ইসরায়েল। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সর্বশেষ পরিস্থিতিতে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধবিরতি লঙ্ঘনের এ ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বাড়াতে পারে।



