tanaka
প্রচ্ছদজাতীয়নঈম নিজামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও মানিলন্ডারিংয়ের মামলা

নঈম নিজামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও মানিলন্ডারিংয়ের মামলা

বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুদকের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

দুদক জানিয়েছে, নঈম নিজাম ২ কোটি ৮ লাখ ৫০ হাজার ১৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯১৩ টাকা লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

দুদকের অভিযোগ, এসব অর্থ দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত। একই সঙ্গে মানিলন্ডারিংয়ের সঙ্গে সম্পৃক্ত অপরাধের মাধ্যমে অর্জিত অর্থের অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে এসব অর্থ স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করা হয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করার অনুমোদন দিয়েছে কমিশন।

এর আগে নঈম নিজাম ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার জন্য আদালতে আবেদন করেছিল দুদক। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন।