মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের সংকট নিয়ে সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয় বলে জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, চলমান সংকট নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন পুতিন ও মোহাম্মদ বিন সালমান। সংকট সমাধানের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ বিবেচনায় নেওয়ার বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।
এ সময় ইয়েমেনের অবনতিশীল সামরিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। দেশটিতে অবিলম্বে শত্রুতা বন্ধ এবং জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় গঠনমূলক ইয়েমেনি-ইয়েমেনি সংলাপ শুরুর উপযোগী পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার বিষয়ে দুই নেতা একমত হন।
ফোনালাপে আন্তর্জাতিক জলপথে জাহাজ চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন রাখার বিষয়টিও গুরুত্ব পায়। বিশেষ করে বাব আল-মান্দেব ও হরমুজ প্রণালির মতো কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিয়ে আলোচনা করেন তারা বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
এ ছাড়া সৌদি জাতীয় দিবস উপলক্ষে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানান পুতিন। এ সময় তিনি দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথাও স্মরণ করেন। পুতিন উল্লেখ করেন, প্রায় ১০০ বছর আগে সোভিয়েত ইউনিয়নই প্রথম বিদেশি রাষ্ট্র হিসেবে সৌদি আরবকে স্বীকৃতি দিয়েছিল।
আলোচনায় রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান সহযোগিতার মাত্রা নিয়ে সন্তোষ প্রকাশ করেন উভয় নেতা। পাশাপাশি বিভিন্ন পর্যায়ে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও তারা সম্মত হন।



