tanaka
প্রচ্ছদজাতীয়দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বাংলাদেশ ছেড়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে Emirates-এর ফ্লাইট ইকে-৫৮৩ যোগে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। তার চূড়ান্ত গন্তব্য নেদারল্যান্ডস।

বিমানবন্দরে যাত্রী আসা-যাওয়ার দায়িত্বে থাকা একটি গোয়েন্দা সংস্থার উচ্চপর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, দেশত্যাগের সময় তিনি তার নেদারল্যান্ডসের পাসপোর্ট (নম্বর: NMF001DH5) ব্যবহার করেন।

বিমানবন্দর গোয়েন্দা শাখার সূত্র জানায়, তার বিরুদ্ধে দেশত্যাগে কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকায় বহির্গমনে কোনো বাধা দেওয়া হয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের প্রযুক্তি খাত পুনর্গঠনের লক্ষ্যে নেদারল্যান্ডসের নাগরিক ফয়েজ তৈয়্যবকে অন্তর্বর্তী সরকার দেশে নিয়ে আসে। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে ‘পলিসি অ্যাডভাইজার (সংস্কার ও সমন্বয়)’ হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তীতে গত বছরের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের উদ্যোগের অংশ হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলে মন্ত্রণালয়টি শূন্য হয়। এরপর একই বছরের ৫ মার্চ প্রতিমন্ত্রী পদমর্যাদায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান ফয়েজ আহমদ তৈয়্যব।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই ইউনূস সরকারের উপদেষ্টা, মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার কর্মকর্তাদের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছিল।