tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়দেশের ১০ জেলায় বন্যার শঙ্কা

দেশের ১০ জেলায় বন্যার শঙ্কা

দেশের বেশ কিছু অঞ্চল ও উজানে ভারী বৃষ্টিপাতের ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের তিন বিভাগের ১০ জেলায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বুধবার (৫ আগস্ট) দেশের নদ-নদীর বর্তমান পরিস্থিতি তুলে ধরে এক পূর্বাভাসে এই আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২ দিন এসব নদীর পানি বাড়তে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। এই অবস্থায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট ও সুনামগঞ্জ জেলায় এসব নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী একদিন এসব নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও তৃতীয় দিন পানি সমতল হ্রাস পেতে পারে। ফলে আগামী ২৪ ঘণ্টায় তিস্তা ও দুধকুমার নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে উল্লেখিত সময়ে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে অথবা বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ বিভাগের সোমেশ্বরী ও ভুলাই নদীর পানি সমতল স্থিতিশীল থাকলেও আগামী একদিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং দ্বিতীয় দিন স্থিতিশীল থাকতে পারে ও তৃতীয় দিন হ্রাস পেতে পারে।এ ছাড়া কংস নদীর পানি সমতলও আগামী ২ দিন বৃদ্ধি পেতে পারে এবং তৃতীয় দিন স্থিতিশীল থাকতে পারে। এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায় এসব নদীর পানি কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।