tanaka
প্রচ্ছদজাতীয়দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ

দেশের জনগণের দোরগোড়ায় উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা পৌঁছে দিতে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও অবকাঠামোগত সক্ষমতা যাচাইয়ের কার্যক্রম শুরু হয়েছে।

সম্প্রতি (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করে। এতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের জন্য অধিকতর সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটের কারণে রোগীদের ভোগান্তির মুখে পড়তে হয়। শয্যা সংখ্যা বাড়ানো হলে উপজেলা পর্যায়েই অধিকসংখ্যক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন। পাশাপাশি জেলা সদর হাসপাতালের ওপর চাপও উল্লেখযোগ্যভাবে কমবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পরিদর্শন দল বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবে। এসব পরিদর্শনের মাধ্যমে অবকাঠামোগত সক্ষমতা, বিদ্যমান ভবনের অবস্থা, সম্প্রসারণের সুযোগ, প্রয়োজনীয় সংস্কার এবং অতিরিক্ত শয্যা স্থাপনের উপযোগিতা মূল্যায়ন করা হবে।

নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) পরিদর্শন দলের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, নথিপত্র এবং স্থানীয় পর্যায়ে প্রশাসনিক সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের মতে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হলে চিকিৎসাসেবার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, জরুরি চিকিৎসা, মেডিসিন, সার্জারি এবং অন্যান্য বিশেষায়িত সেবার সক্ষমতা আরও বাড়বে। ফলে রোগীদের জেলা বা বিভাগীয় পর্যায়ের হাসপাতালে চিকিৎসার জন্য দীর্ঘ পথ পাড়ি দেওয়ার প্রয়োজনও অনেকাংশে কমে আসবে।

অফিস আদেশটির অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থায় পাঠানো হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ এবং ই-মেইলের মাধ্যমেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নির্দেশনাটি পৌঁছে দেওয়া হয়েছে।