দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। এখন এটি দাঁড়িয়েছে ৩৪,০৫৭.৪৮ মিলিয়ন বা ৩৪.০৫ বিলিয়ন ডলারে, যা বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী জানা গেছে।
সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য জানিয়েছেন।
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ৩০ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৪.০৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯,৩৫৯.০৭ মিলিয়ন বা ২৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
এর আগে, ২৯ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৩.৯৯ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯.২৯ বিলিয়ন ডলার।
নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতির মাধ্যমে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত বা নিট রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।



