বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের দুই মন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং পাঁচ প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) উপসচিব মো. মনিরুজ্জামান। এ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান-এর একান্ত সচিব হয়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) রবীন্দ্র চাকমা।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক-এর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইব্রাহিম খলিল।
বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম-এর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. জুনাইদ।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত-এর সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আল মামুন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফকির মাহবুব আনাম-এর সহকারী একান্ত সচিব হয়েছেন মো. শরীফুল ইসলাম।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহাদী আমিন-এর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিশান।
প্রজ্ঞাপনে বলা হয়, সহকারী একান্ত সচিবদের সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীদের অভিপ্রায় অনুযায়ী নিয়োগ দেওয়া হয়েছে। তারা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী নবম গ্রেডে ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতন স্কেলে দায়িত্ব পালন করবেন।
প্রতিমন্ত্রীরা যতদিন পদে বহাল থাকবেন বা সংশ্লিষ্ট সহকারী একান্ত সচিবকে দায়িত্বে রাখতে ইচ্ছা পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।



