অফিসে সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে কঠোর অবস্থানে সরকার। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’-এর বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। বিধিমালা অনুযায়ী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা এবং দেরিতে অফিসে উপস্থিত হওয়া—এসবই অফিস শৃঙ্খলার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ।
নির্দেশনায় আরও বলা হয়, কর্মদিবসে সকাল ৯টার মধ্যে সবাইকে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে অফিস ছুটির সময় বিকেল সাড়ে ৩টা এবং রমজান-পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে কোনো কর্মকর্তা-কর্মচারী দপ্তর ত্যাগ করতে পারবেন না।
তবে অফিস চলাকালে দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে দপ্তর ত্যাগের প্রয়োজন হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধান (যুগ্ম সচিব/সলিসিটর)-এর অনুমতি নিতে হবে। একই সঙ্গে ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা নিশ্চিত করে তবেই অফিস ত্যাগ করা যাবে।
আদেশে সতর্ক করে বলা হয়েছে, কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকা, অনুমতি ছাড়া অফিস ত্যাগ বা দেরিতে উপস্থিত হলে তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।



