রাজধানীর কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।
সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
ফায়ার সার্ভিসের লেফটেন্যান্ট কর্নেল আজাদ আনোয়ার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের প্রায় ১২৩ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ সময় স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও সহযোগিতা করেন।
আজাদ আনোয়ার বলেন, “রাস্তা সংকীর্ণ হওয়া এবং পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। তবে দ্রুতই আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হবে বলে আশা করছি।”
তিনি আরও বলেন, তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও কারণ জানা যাবে। পাশাপাশি ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণও নির্ধারণ করা হবে।
এর আগে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে পরিস্থিতি জটিল হয়ে উঠলে পর্যায়ক্রমে আরও ইউনিট যোগ করা হয়।
অবশেষে ১৫টি ইউনিটের টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।



