কাঁচা মরিচের দাম নিয়ন্ত্রণে আনতে আমদানির অনুমতি দিয়েছে সরকার। আগামীকাল থেকেই আমদানি কার্যক্রম শুরু করা যাবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে রোববার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং খাদ্য প্রতিমন্ত্রী মো. আবদুল বারী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী জানান, কাঁচা মরিচের মূল্য স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো হচ্ছে এবং আমদানির অনুমতিও দেওয়া হয়েছে। আগামীকাল থেকেই আমদানি শুরু হবে। এর ফলে দুই থেকে পাঁচ দিনের মধ্যে কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাজারে কাঁচা মরিচের দাম বেশি
বর্তমানে রাজধানীর বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৮০ টাকায়। এর আগে দুই–তিন দিন আগে দাম ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। দাম বেড়ে যাওয়ায় সাধারণ ভোক্তাদের ভোগান্তি বেড়েছে।
শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ভোক্তাদের জন্য বাজার পরিস্থিতি সহনীয় রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেবে।
তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, সরেজমিনে পাওয়া তথ্য বস্তুনিষ্ঠভাবে তুলে ধরলে মানুষ সচেতন হবে এবং বিভ্রান্তি কমবে। কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি বা মূল্য কারসাজি করতে না পারে, সে বিষয়ে সরকার নজর রাখছে।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে যান।



