দক্ষিণ চীন সাগরে আধঘণ্টার ব্যবধানে মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সৌভাগ্যক্রমে দুই দুর্ঘটনাতেই পাঁচ ক্রু সদস্য সবাই নিরাপদে উদ্ধার হয়েছেন।
মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিট এক বিবৃতিতে জানিয়েছে, এফ/এ-১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমানের দুই পাইলট এবং এমএইচ-৬০আর সি হক হেলিকপ্টারের তিন ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে “সুরক্ষিত ও স্থিতিশীল অবস্থায়” রয়েছেন।
দুই দুর্ঘটনার কারণ এখনো তদন্তাধীন। জানা গেছে, বিমান ও হেলিকপ্টার দুটি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস নিমিৎজ থেকে উড্ডয়ন করেছিল।
রয়টার্স জানায়, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বাণিজ্যিক জাহাজে হামলার পর ঐ এলাকায় নিরাপত্তা জোরদারে রণতরীটি মোতায়েন করা হয়েছিল।
এর আগে মার্কিন নৌবাহিনীর অন্যান্য রণতরীতেও এমন দুর্ঘটনা ঘটেছে, তবে এবারও কোনো প্রাণহানি হয়নি।



