ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় শুরু হবে। রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনার কারণে এবারের অধিবেশনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সংবিধান সংশোধন, সংসদীয় স্থায়ী কমিটি গঠন, গণভোটের বিধান এবং জুলাই সনদ—এই চারটি গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। ফলে অধিবেশনজুড়ে এসব বিষয় নিয়ে উত্তপ্ত আলোচনা ও তীব্র বিতর্কের আশঙ্কা রয়েছে।
সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন বা সংশোধনের প্রক্রিয়া নিয়েও দলগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে। পাশাপাশি সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দলের কার্যকর ভূমিকা এবং কমিটির সভাপতি পদ বণ্টন নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে টানাপোড়েন দেখা দিতে পারে।
অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে প্রশাসন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অধিবেশন চলাকালে সংসদ এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নির্ধারিত নির্দেশনা মেনে চলতে হবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।



