tanaka
প্রচ্ছদজাতীয়ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরে এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি নিয়ে কাজ করছে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সময় পুলিশসহ সব শৃঙ্খলা বাহিনীর মনোবল ও সামগ্রিক পরিস্থিতি বেশ ভঙ্গুর অবস্থায় ছিল। গত ছয় মাসে সেই পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। পুলিশ সদস্যদের মনোবল ফিরে এসেছে এবং তারা পূর্ণ শক্তি নিয়ে অপরাধ দমনে কাজ করছেন।

তিনি আরও বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা নেই, যার পরপরই পুলিশ জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পারেনি। এটিকে বর্তমান সরকারের অন্যতম সাফল্য হিসেবে উল্লেখ করেন তিনি।

ইসলামের শান্তি ও ন্যায়বিচারের বাণী অনুসরণের আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি, ন্যায়বিচার ও অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা সম্ভব। তাঁর সাহাবিদের জীবনাদর্শ অনুসরণ করলেও সমাজ থেকে অশান্তি, বিশৃঙ্খলা ও অসাম্য দূর করার পথ সহজ হবে।

রংপুরের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঘটনার পর যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। জাতীয়ভাবে আলোচিত কিংবা অনালোচিত—হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে এবং অভিযুক্তদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করেছে।

তিনি বলেন, সমাজের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত বিচারিক কার্যক্রম সম্পন্ন করতেও সরকার সহযোগিতা করছে। দায়িত্ব নেওয়ার পর অল্প সময়ের মধ্যে সরকার যতটা কাজ করতে পেরেছে, এর চেয়ে বেশি প্রত্যাশা করা এই মুহূর্তে ঠিক হবে না।