tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদঅন্যান্যতাহেরীর ৩১ ভরি স্বর্ণ ও প্রায় ২ কোটি টাকার সম্পদ

তাহেরীর ৩১ ভরি স্বর্ণ ও প্রায় ২ কোটি টাকার সম্পদ

ইসলামিক বক্তা হিসেবে পরিচিত গিয়াস উদ্দিন তাহেরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হবিগঞ্জ-৪ আসনে তাকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। তিনি ইতোমধ্যে নির্বাচন কমিশনে হলফনামা জমা দিয়েছেন।

হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, গিয়াস উদ্দিন তাহেরীর স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা। এ ছাড়া তার নামে রয়েছে ৩১ ভরি স্বর্ণ। তবে হলফনামায় তার স্ত্রীর নামে কোনো স্বর্ণালঙ্কার, নগদ অর্থ বা সম্পদের তথ্য উল্লেখ করা হয়নি। সেখানে শুধু তার স্ত্রীকে গৃহিণী হিসেবে উল্লেখ করা হয়েছে।

গিয়াস উদ্দিন তাহেরীর বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। তবে হবিগঞ্জের মাধবপুরে তার শ্বশুরবাড়ি থাকায় তিনি হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা চলমান রয়েছে।

হলফনামার তথ্য অনুযায়ী, গিয়াস উদ্দিন তাহেরী পেশায় একজন ব্যবসায়ী। তার আয়ের উৎস হিসেবে ব্যবসা, কৃষি এবং ব্যাংকের সুদ উল্লেখ করা হয়েছে। তিনি কৃষি খাত থেকে বছরে ২৬ হাজার ৪০০ টাকা, ব্যবসা থেকে ৭ লাখ ৯১ হাজার টাকা এবং শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতের সুদ থেকে ২২ হাজার ৮৯২ টাকা আয় করেন।

এই আলোচিত ইসলামিক বক্তার হাতে নগদ অর্থ রয়েছে ৪১ হাজার ২৮৬ টাকা এবং ব্যাংকে জমা আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। তার ৩১ ভরি স্বর্ণের মূল্য ৬ লাখ টাকা এবং আসবাবপত্রের মূল্য ৫ লাখ টাকা দেখানো হয়েছে। সব মিলিয়ে তার অস্থাবর সম্পদের পরিমাণ ১৯ লাখ ৪ হাজার ৮৯২ টাকা।

এ ছাড়া স্থাবর সম্পত্তি হিসেবে তার নামে বর্তমান বাজারমূল্যে ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকার কৃষিজমি রয়েছে। তবে হলফনামা অনুযায়ী, তার স্ত্রী বা তার ওপর নির্ভরশীল অন্য কোনো ব্যক্তির নামে কোনো সম্পদ, গহনা, আসবাবপত্র কিংবা নগদ অর্থ নেই।