ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের সর্বশেষ বেসরকারি ফলাফল অনুযায়ী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) টেলিফোনে তারেক রহমানকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমানের প্রচেষ্টার প্রতি তিনি শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
বিএনপির বিজয়ে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। প্রেসিডেন্ট জারদারি তার বার্তায় পাকিস্তানের পক্ষ থেকে গণতান্ত্রিক অংশীদারত্ব ও পারস্পরিক অগ্রগতির প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শরিফও তারেক রহমানকে বড় জয়ের জন্য অভিনন্দন জানান এবং সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান।
সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের জন্য তারেক রহমান ও বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এক বার্তায় তিনি এ বিজয়কে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে উল্লেখ করে বলেন, নানা চ্যালেঞ্জ অতিক্রম করে বাংলাদেশের জনগণ ব্যালটের মাধ্যমে তাদের রায় স্পষ্টভাবে প্রকাশ করেছে।
এদিকে জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে এবং নির্বাচনে এগিয়ে থাকার জন্য বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস।
এ ছাড়া বিএনপির বড় জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এক বার্তায় তিনি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন এবং নির্বাচনী বিজয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান।



