আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে আগামী পাঁচ দিনে তাপমাত্রা ও আবহাওয়া কেমন থাকবে। সংস্থার তথ্য অনুযায়ী, প্রথম দুইদিন—আজ বুধবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত—রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এছাড়া, আগামী ৪৮ ঘণ্টায় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য বাড়বে, দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশের সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আগামী ২২ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।



