tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিতথ্য-উপাত্ত সংগ্রহের পর এমপি নজরুলের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে জামায়াত

তথ্য-উপাত্ত সংগ্রহের পর এমপি নজরুলের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে জামায়াত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বিতর্কিত ঘটনার বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, প্রকৃত ঘটনা যাচাই-বাছাই শেষে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২১ জুলাই) জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে দলটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘বিষয়টি নিয়ে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্য, তার প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্য ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। দলীয়ভাবেও বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রকৃত ঘটনা ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাইয়ের পর জামায়াতে ইসলামী সাংগঠনিক নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে।’

এর আগে সোমবার (২০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভিডিওটি প্রকাশের পর প্রথমে সাতক্ষীরা জেলা জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া ও ষড়যন্ত্রমূলক ভিডিও। তবে পরবর্তীতে একাধিক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফুটেজটি বিশ্লেষণ করে জানায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি নয়; এটি প্রকৃত সিসিটিভি ফুটেজ। এরপর ঘটনাটি নতুন মাত্রা পায়।

পরে মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম বেগম। তার ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ জুন প্রথম স্ত্রীর সম্মতিতে তাদের বিয়ে হয়।

বিবৃতিতে তিনি আরও অভিযোগ করেন, সম্প্রতি পরিবারসহ ঢাকার মগবাজারে অবস্থানকালে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর এক আত্মীয় বহিরাগতদের নিয়ে এসে তাদের জিম্মি করে অর্থ দাবি করেন। দাবি করা অর্থ না পেয়ে এবং পূর্বশত্রুতার জেরে ওই সিসিটিভি ফুটেজ অবৈধভাবে সংগ্রহ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্যের প্রথম স্ত্রী, কথিত দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার বক্তব্যসংবলিত ভিডিও প্রকাশিত হয়। সেখানে তারা ঘটনাটিকে পারিবারিক বিষয় এবং ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন।