tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার একাধিক কর্মকর্তাকে বদলি ও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরে এসব প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান।

এদিকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার (ডিআইজি) আব্দুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. সারোয়ার মুর্শেদ শামীমকে এসএমপির নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, গত ২৮ জুন জারি করা এক প্রজ্ঞাপনে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে তা বাতিল করা হয়েছে।

অন্য একটি প্রজ্ঞাপনে কয়েকজন অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারকে বিভিন্ন রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। রাজশাহীর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জে এবং ট্যুরিস্ট পুলিশের সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

এ ছাড়া, পুলিশ সদর দপ্তরের টিআর পদে থাকা পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন এবং স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার তাহসিন মাসরুফ হোসেন মাসফিকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদকে সংযুক্ত করা হয়েছে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে।

আরেকটি প্রজ্ঞাপনে চার কর্মকর্তার নতুন পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি শরিফ উদ্দিন আহমেদকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) বদলি করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত ডিআইজি মো. কাফিল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।

পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পুলিশ সুপার আবু আশ্রাফ, যিনি পাবনার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনা এবং জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্যেই পুলিশ প্রশাসনের উচ্চপর্যায়ে এ রদবদল ও নতুন পদায়ন করা হয়েছে।