ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কয়েক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল অবশেষে হাসপাতাল ত্যাগ করেন।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১টার দিকে তিনি ঢামেকের পেছনের গেট দিয়ে বের হয়ে যান বলে জানা গেছে। এর আগে রাত ১১টার দিকে তিনি রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে যান।
হাসপাতালে পৌঁছানোর পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে ঘিরে ফেলেন এবং অবরুদ্ধ করে রাখেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আসিফ নজরুল জরুরি বিভাগে আশ্রয় নেন। এসময় সেখানে উপস্থিত নেতাকর্মীরা তার বিরুদ্ধে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
এদিকে, আহত নুরুল হক নুরকে দেখতে হাসপাতালে আরও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত হন।



