গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ১৭৫ কোটি টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৪৪ শতাংশ বেশি। একই সঙ্গে লেনদেন ও মূল্যসূচকে এসেছে বড় উত্থান।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহজুড়ে মোট ২৬৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, যেখানে দাম কমেছে ১০৫টির, এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির। এর ফলে সপ্তাহের শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ কোটি টাকা। আগের সপ্তাহে যা ছিল ৭ লাখ ৮ হাজার ১৮১ কোটি টাকা।
মূল্যসূচকের দিক থেকেও ছিল ইতিবাচক ধারা। ডিএসইএক্স সূচক বেড়েছে ১৪২.৯৯ পয়েন্ট বা ২.৬৬ শতাংশ, যেখানে আগের সপ্তাহে এই সূচকের বৃদ্ধি ছিল মাত্র ২৪.৭১ পয়েন্ট। ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ৬৭.৫৫ পয়েন্ট বা ৩.২৩ শতাংশ এবং ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ২৬.৮৬ পয়েন্ট বা ২.২৮ শতাংশ।
লেনদেনেও দেখা গেছে উল্লেখযোগ্য গতি। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ১৪৫ কোটি ৯১ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ২৬.৩২ শতাংশ বেশি।
লেনদেনের শীর্ষে ছিল সিটি ব্যাংকের শেয়ার, যেখানে প্রতিদিন গড়ে ২৮ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। এরপর রয়েছে মালেক স্পিনিং (২৪ কোটি ৫ লাখ টাকা) ও বাংলাদেশ শিপিং করপোরেশন (২২ কোটি ৯৭ লাখ টাকা)। লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে: সোনালী পেপার, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন এবং সি পার্ল বিচ রিসোর্ট।
টানা দুই সপ্তাহের পতনের পর শেয়ারবাজারে এ সপ্তাহের এই বড় উত্থান বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আস্থা তৈরি করেছে।



