tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়ঢাবিতে হামের অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপনে ডাকসু নেতাদের আপত্তি

ঢাবিতে হামের অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপনে ডাকসু নেতাদের আপত্তি

হাম আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এ বিষয়ে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে চিঠিও দেওয়া হয়। প্রশাসন প্রাথমিকভাবে ইতিবাচক থাকলেও কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর আপত্তির কারণে বিষয়টি জটিল হয়ে পড়ে। ফলে এক সপ্তাহ বিলম্বে বিকল্প স্থানে চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মাঠ ব্যবহারের বিষয়ে আপত্তির কারণে শারীরিক শিক্ষাকেন্দ্রের মাঠে চিকিৎসাকেন্দ্র স্থাপন সম্ভব হয়নি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অডিটোরিয়াম চত্বরে ২০ শয্যার একটি অস্থায়ী চিকিৎসাকেন্দ্র চালু করা হয়। সেখানে মূলত হামে আক্রান্ত শিশুদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।

চলতি বছরের জানুয়ারি থেকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টি শুরুতেই সরকারকে জানালেও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। মার্চে পরিস্থিতি গুরুতর আকার ধারণ করলে, বিশেষ করে রাজশাহীতে কয়েকজন শিশুর মৃত্যুর পর বিষয়টি আলোচনায় আসে। এরপর সরকার টিকাদান কার্যক্রম জোরদার এবং চিকিৎসা ব্যবস্থার সম্প্রসারণসহ নানা পদক্ষেপ নেয়। এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রায় ৩১১ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

বর্তমানে প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে, যার ফলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চাপ বাড়ছে। ঢাকার বাইর থেকেও রোগীরা আসায় শয্যা সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার আগাম প্রস্তুতি হিসেবে বিকল্প চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নেয়, যার অংশ হিসেবে ফিল্ড হাসপাতাল স্থাপনের পরিকল্পনা করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে ঢাকা মেডিক্যালের আশপাশে বড় জায়গা খুঁজে অস্থায়ী চিকিৎসাকেন্দ্র গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ ব্যবহারের প্রস্তাব করা হয়েছিল।

এ বিষয়ে ডাকসুর মতামত জানতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বৈঠক করেন ডাকসুর প্রতিনিধি ও সংশ্লিষ্টদের সঙ্গে। বৈঠকে ডাকসুর নেতারা মাঠ বরাদ্দে আপত্তি জানান।

ডাকসুর জিএস এসএম ফরহাদ বলেন, তারা চিকিৎসাকেন্দ্র স্থাপনে বাধা দেননি, তবে কতদিনের জন্য মাঠ প্রয়োজন—তা স্পষ্ট না হওয়ায় আপত্তি জানিয়েছেন। ক্রীড়া সম্পাদক আরমান হোসেন বলেন, খেলাধুলার মৌসুম চলায় আপাতত মাঠ বরাদ্দ না দিয়ে বিকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।

উপ-উপাচার্য অধ্যাপক সায়মা হক বিদিশা জানান, ডাকসুর পক্ষ থেকে আপত্তি থাকায় মাঠ বরাদ্দ দেওয়া সম্ভব হয়নি। পরে স্বাস্থ্যমন্ত্রী জানান, আপত্তির কারণে শেষ পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজের অডিটোরিয়াম চত্বরে চিকিৎসাকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।