tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদলাইফষ্টাইলশিল্প ও সংস্কৃতিঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার

ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেলেন যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার

ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার পেয়েছেন দৈনিক যুগান্তর সম্পাদক ও কবি আবদুল হাই শিকদার। কবিতা শাখায় ‘আমরা মানুষ আমরা এসেছি’ কাব্যগ্রন্থের জন্য তিনি এ পুরস্কারে ভূষিত হন। ২০২৫ সালে প্রকাশিত শ্রেষ্ঠ বইয়ের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার রাজধানীর চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার পুরস্কারের অর্থমূল্য প্রদান করেন এবং দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী উত্তরীয় পরিয়ে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও আনন্দ আলোর সম্পাদকমণ্ডলীর সভাপতি, শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর। স্বাগত বক্তব্য দেন আনন্দ আলোর সহযোগী সম্পাদক কবি রাজু আলীম।

এবার শিশু সাহিত্য শাখায় যৌথভাবে পুরস্কার পেয়েছেন চন্দ্রাবতী থেকে প্রকাশিত ‘গল্প থাকে আকাশ জুড়ে’ গ্রন্থের জন্য আমীরুল ইসলাম এবং ‘দোতনা ও ছোট মামা এবং ম্যানিলার হোয়াইট লেডি’ গ্রন্থের জন্য মাহবুবা চৌধুরী।

কথাসাহিত্য শাখায় পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত তার উপন্যাস ‘শঙ্খচূড়’ গ্রন্থের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়।

সাহিত্যে তারুণ্য পুরস্কার পেয়েছেন লাক্স সুপারস্টার খ্যাত চিত্রনায়িকা শানারেই দেবী শানু। আজব প্রকাশ থেকে প্রকাশিত ‘বাঘ মানুষ’ গ্রন্থের জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন। ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কারের ক্ষেত্রে এটি একটি নতুন সংযোজন।

জীবনের প্রথম বই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দিদারুল আলম। অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত তার গ্রন্থ *‘রোহিনীবেলা’*র জন্য তিনি এ সম্মাননা লাভ করেন। তিনি বর্তমানে বিদেশে অবস্থান করায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন আব্দুর রহমান।

প্রসঙ্গত, ঢাকা ব্যাংক ও আনন্দ আলোর যৌথ উদ্যোগে প্রতিবছর একুশে বইমেলায় প্রকাশিত শ্রেষ্ঠ বইয়ের জন্য ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ প্রদান করা হয়ে থাকে। এবছর ২০২৫ সালে প্রকাশিত শ্রেষ্ঠ গ্রন্থগুলোর জন্য এই পুরস্কার প্রদান করা হয়।