ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের ২৯৯টি সংসদীয় আসনে সব ব্যালট পেপার পৌঁছে গেছে। ভোটের ফল প্রকাশে দীর্ঘ সময় লাগবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি সাংবাদিকদের জন্য স্থাপিত মিডিয়া সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আখতার আহমেদ বলেন, ‘রক্তস্নাত জুলাই আন্দোলনের অন্যতম অঙ্গীকার ছিল একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন। আমরা স্বীকার করছি, ভোটার তালিকা শতভাগ শুদ্ধভাবে যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। তবে তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করতে আইন সংশোধন করা হয়েছে। ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।’
তিনি আরও বলেন, দেশের ২৯৯টি আসনে সব ব্যালট পেপার পৌঁছে গেছে এবং ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
ইসি সচিব সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সাংবাদিকদের দায়িত্বশীলভাবে তথ্য উপস্থাপন করতে হবে। অপতথ্য যেন কোনোভাবেই প্রচার না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের অপেক্ষায় রয়েছে।’
বিদেশি সংবাদকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সহায়তার জন্যই এই মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে আখতার আহমেদ বলেন, ‘রিটার্নিং কর্মকর্তারা পোস্টাল ভোট ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন। পোস্টাল ব্যালট গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে। তবে সব কেন্দ্রের ভোট গ্রহণ ও ব্যালট গণনা শেষে ফল প্রকাশে অযথা বিলম্ব হবে না।’



