tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদজাতীয়ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এখন সর্বকালের চেয়ে গুরুত্বপূর্ণ: পল কাপুর

ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক এখন সর্বকালের চেয়ে গুরুত্বপূর্ণ: পল কাপুর

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তিনি এই মন্তব্যটি করেছেন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত অনুষ্ঠানে পল কাপুর বলেন, “যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি শুধু বাণিজ্য বা নিরাপত্তার জন্য নয়, বরং সুশাসন ও অভিন্ন মূল্যবোধ দুই দেশকে আরও সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে।”

মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিভাগের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলেও তার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে দুই দেশের অংশীদারিত্বের প্রশংসা করা হয়েছে।

নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে উল্লেখ করেন তিনি। পল কাপুর বলেন, “বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্র বা সীমান্তে যা ঘটে, তা শুধুমাত্র এই অঞ্চলের নয়, বরং ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার জন্যও প্রভাব ফেলে।”

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে তিনি বলেন, “আমরা কখনোই বাংলাদেশকে নির্দিষ্ট কোনো পক্ষ বেছে নিতে চাপ দিই না। বরং উন্নত প্রযুক্তির প্রস্তাব দিয়ে আমরা নিশ্চিত করি যে, বাংলাদেশ স্বাধীনভাবে তার সার্বভৌমত্ব রক্ষা করতে পারে।”

পল কাপুর আশাবাদ ব্যক্ত করেন যে, জটিল বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারবে এবং যুক্তরাষ্ট্র সেই প্রক্রিয়ায় পাশে থাকবে।

অনুষ্ঠানে ব্যবসা, বাণিজ্য, জ্বালানি ও কৃষিপণ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, পল কাপুর তার বক্তব্যে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হওয়ার প্রতি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশের ভূমিকাকে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।