রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, সারাদিন আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার কোথাও কোথাও বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে। আগামীকাল বুধবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।



