দেশে প্রতিদিনই ডেঙ্গুজনিত মৃত্যু ও সংক্রমণের ঘটনা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রেকর্ড সংখ্যক ১২ জন মারা গেছেন। এদের মধ্যে বরিশালে ৫ জন, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে ৩ জন, উত্তর সিটি করপোরেশনে ২ জন, চট্টগ্রামে ১ জন এবং ময়মনসিংহে ১ জন রয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ১৭৯ জন।
একদিনে সর্বোচ্চ ৭৪০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৪১,৮৩১ জনে দাঁড়িয়েছে। গত তিন সপ্তাহে ১০,৩৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৫৭ জন মারা গেছেন। বর্তমানে দেশে প্রায় প্রতিটি বাড়িতেই ডেঙ্গু রোগী রয়েছেন। এ অবস্থায় হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে গিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হিমশিম খাচ্ছেন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ১৪৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৫ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, খুলনা ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ২২ জন, রংপুর ৩ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।
একই সময়ে ৬৮৩ রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা এখন ৩৯,৬৩১ জন।
১লা জানুয়ারি থেকে ২১শে সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৪১,৮৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬০.৩% পুরুষ এবং ৩৯.৭% নারী।



