বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাগাতার বাড়তে থাকায় ইউরোপের মিত্র দেশগুলোকে তাদের মজুত করা ডিজেল দ্রুত বাজারে ছাড়ার জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ফ্রান্স ও জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশ সংকটকালীন পরিস্থিতি মোকাবিলায় এসব জ্বালানি মজুত করে রেখেছিল।
এর আগে গত বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে ডিজেল রপ্তানি স্থগিত বা বন্ধ রাখার ইঙ্গিত দেন।
যুক্তরাষ্ট্রে বাড়ছে ডিজেলের দাম
বর্তমানে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম প্রায় ৭০ শতাংশ বেড়েছে। ইরানে যুদ্ধ শুরুর পর থেকেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতি গ্যালন ডিজেল প্রায় ৬ দশমিক ৩৯ ডলারে বিক্রি হচ্ছে, যা লিটারপ্রতি প্রায় দেড় ডলারের সমান।
জ্বালানির দাম বেড়ে যাওয়ায় পরিবহন ব্যয় বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ছে। এতে সাধারণ মানুষের ওপর জীবনযাত্রার ব্যয়ের চাপ আরও বেড়েছে।
অন্যদিকে জার্মানির এডিএসি মোটরিং ক্লাবের তথ্য অনুযায়ী, দেশটিতে ডিজেলের দাম প্রতি গ্যালন প্রায় ১০ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে।
নির্বাচনে প্রভাবের আশঙ্কা
জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রভাব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও পড়তে পারে বলে ধারণা করছেন কয়েকজন বিশ্লেষক। তাদের মতে, জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির দাম নিয়ে জনঅসন্তোষ বাড়লে আসন্ন নভেম্বরের মিডটার্ম নির্বাচনে রিপাবলিকান পার্টিকে এর রাজনৈতিক প্রভাব মোকাবিলা করতে হতে পারে।
এর ফলে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলেও বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন।
সূত্র: বিবিসি



