রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৪৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন থানায় ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৩৮ জন, ওয়ারীতে ১০৪ জন, মতিঝিলে ৪৯ জন, তেজগাঁওয়ে ৭৪ জন, মিরপুরে ৮৩ জন, গুলশানে ৩৮ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং গোয়েন্দা বিভাগে ৪ জন রয়েছেন।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, ৩ হাজার ৭৫৫ পিস ইয়াবা, ৯ কেজি ৫ গ্রাম গাঁজা, ৭ গ্রাম হেরোইন, একটি মাইক্রোবাস, একটি কার্টার, একটি চাকু, পাঁচটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ছাড়া একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা।



