tanaka
প্রচ্ছদজাতীয়রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অভিযোজনে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন তারেক রহমান

রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অভিযোজনে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন তারেক রহমান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ বাড়ানো এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে যুক্তরাজ্যের আরও সক্রিয় ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে দেশটির সহযোগিতা কামনা করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর সাইডলাইনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রম, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।

আলোচনায় তারেক রহমান বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্য অর্জনে যুক্তরাজ্যের আরও জোরালো কূটনৈতিক তৎপরতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ। প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এর প্রভাব পড়ছে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার ওপর। পাশাপাশি এ পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্যও ঝুঁকির কারণ হয়ে উঠতে পারে।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়। দুই পক্ষ জলবায়ু সহযোগিতা, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন এবং অর্থনৈতিক অংশীদারত্ব সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।