ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা মো. জুলিয়াস সিজার তালুকদার এবং একই সংগঠনের আরেক সাবেক নেতা বায়েজিদ বোস্তামীর প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গঠিত ট্রাইব্যুনাল কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় তাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আমলে নেওয়া হয়।
সুপারিশে জানানো হয়, অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একই বর্ষের শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এ কারণে তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া এবং প্রার্থিতা বাতিলের সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া, ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান জিলানী ও মো. খায়রুল আলমের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে যথাযথ প্রমাণ ও অভিযোগকারীর স্বাক্ষর না থাকায় তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে।
ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. জসীম উদ্দিন বলেন, “ট্রাইব্যুনাল একটি উচ্চতর কমিটি। তাদের সুপারিশ আমরা মানতে বাধ্য। কমিশনের পূর্ণাঙ্গ বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”



