tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকট্রাম্প কি শান্তিতে নোবেল পাবেন? কি বলছেন বিশ্লেষকরা

ট্রাম্প কি শান্তিতে নোবেল পাবেন? কি বলছেন বিশ্লেষকরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি নোবেল শান্তি পুরস্কারের প্রাপক হতে পারেন? এ প্রশ্ন ঘিরে আন্তর্জাতিক মহলে চলছে নানা আলোচনা। তবে গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতি তার প্রকাশ্য সমর্থন এবং সাম্প্রতিক কর্মকাণ্ডের কারণে বিশেষজ্ঞদের মতে তার সম্ভাবনা কার্যত শূন্য।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের না পাওয়ার মতো কারণের তালিকা বেশ দীর্ঘ। ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত করা, বৈশ্বিক বাণিজ্যে শুল্কযুদ্ধ সৃষ্টি এবং শান্তির মূলনীতির পরিপন্থি নানা পদক্ষেপই তার জন্য বড় বাধা হতে পারে।

যদিও শুরু থেকেই ট্রাম্প নিজেকে নোবেলের যোগ্য বলে দাবি করে আসছেন। এমনকি তিনি দাবি করেছেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে অন্তত সাতটি যুদ্ধ তিনি থামিয়েছেন। প্রতিবছর সংসদ সদস্য, বিজ্ঞানী, অধ্যাপক ও পূর্ববর্তী বিজয়ীরা শান্তিতে নোবেলের মনোনয়ন দেন। নরওয়ের পার্লামেন্ট নির্বাচিত পাঁচ সদস্যের কমিটি সেই মনোনয়ন যাচাই করে সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। তবে তালিকা প্রকাশ করা হয় না।

ট্রাম্পের পুনঃপুন উচ্চারণ করা নোবেল আকাঙ্ক্ষার পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে গাজা ইস্যু। বিশ্লেষকদের মতে, ইসরাইলি আগ্রাসনের প্রতি তার সমর্থন নোবেল কমিটির চোখে নেতিবাচক প্রভাব ফেলছে। পাশাপাশি আন্তর্জাতিক শৃঙ্খলা ভাঙার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

নোবেল ইতিহাসবিদ অ্যাসলে সভেন বলেন, “ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার জেতার প্রশ্নই ওঠে না। তিনি দাবি করেন মৃত্যুর দৃশ্য পছন্দ করেন না, অথচ গাজায় চলমান গণহত্যাকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছেন।”

তিনি আরও জানান, আলাস্কায় ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উষ্ণ অভ্যর্থনা জানালেও কোনো চাপ প্রয়োগ করেননি, বরং ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার পথই প্রশস্ত করেছেন।

শান্তি গবেষক নিনা গ্রেগার মনে করেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক সহযোগিতা থেকে বিচ্ছিন্ন করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসা এবং পুরোনো মিত্রদের সঙ্গে শুল্কযুদ্ধ শুরু করাই তার উদাহরণ।

অনেক বিশেষজ্ঞের মতে, যদি ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়া হয়, তবে দীর্ঘমেয়াদে নোবেল কমিটির বিশ্বাসযোগ্যতা ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ তার সাম্প্রতিক কর্মকাণ্ড শান্তির মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক।