tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন: জাতিসংঘে ইরানি দূত

ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছেন: জাতিসংঘে ইরানি দূত

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানিদের ‘বিক্ষোভ চালিয়ে যেতে’ এবং ‘নিজেদের প্রতিষ্ঠানগুলো দখল করে নিতে’ আহ্বান জানানোর পর এ অভিযোগ করা হয়। অনলাইন সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি এ বিষয়ে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কর্মকাণ্ডের নিন্দা জানাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান। ইরাভানির অভিযোগ, এসব কর্মকাণ্ড ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল এবং সহিংসতায় উসকানি দেয়।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি আবুকার দাহির ওসমানকে পাঠানো ওই চিঠিতে ইরাভানি বলেন, ‘এই বেপরোয়া বক্তব্য স্পষ্টভাবে রাজনৈতিক অস্থিতিশীলতা উসকে দেয়, সহিংসতাকে প্ররোচিত ও উৎসাহিত করে এবং ইসলামি প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে।’

তিনি জাতিসংঘের সদস্যরাষ্ট্র ও নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান, যেন তারা সহিংসতায় উসকানি, বলপ্রয়োগের হুমকি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সব ধরনের হস্তক্ষেপের কঠোর নিন্দা জানায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে অবিলম্বে অস্থিতিশীলতা সৃষ্টিকারী নীতি ও কার্যক্রম বন্ধ করতে চাপ দেওয়ার আহ্বান জানান ইরাভানি।

চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের এসব কর্মকাণ্ডের ফলে নিরপরাধ বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে, বিশেষ করে তরুণদের মৃত্যু হচ্ছে, যার জন্য তারা সরাসরি ও অস্বীকারযোগ্য আইনি দায় বহন করে।