tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইরানি প্রতিষ্ঠান দখল করে নিতে বিক্ষোভকারীদের প্রতি ট্রাম্পের আহ্বান

ইরানি প্রতিষ্ঠান দখল করে নিতে বিক্ষোভকারীদের প্রতি ট্রাম্পের আহ্বান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির মধ্যেই আজ বুধবার ইরানে একজন বিক্ষোভকারীকে ফাঁসি দেওয়ার প্রস্তুতি চলছে। একই সময়ে ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশে ট্রাম্প দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফ গোপনে সপ্তাহান্তে ইরানের নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ পরিস্থিতি নিয়েই এই বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাসনে থাকা পাহলভি দীর্ঘদিন ধরেই দেশের বাইরে থেকে এই আন্দোলনে উত্তেজনা ছড়াতে ভূমিকা রাখছেন। খবরটি অনলাইন সিএনএন ও এনডিটিভিও প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের জনগণকে বিক্ষোভ চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন এবং বলেছেন, ‘সহায়তা আসছে।’ রক্তক্ষয়ী দমন-পীড়নের মধ্যেই এই মন্তব্য করেন তিনি। মানবাধিকারকর্মীদের দাবি অনুযায়ী, চলমান দমন অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে আড়াই হাজার মানুষ নিহত হয়েছেন। তবে নির্ভরযোগ্য সূত্রে এই সংখ্যা নিশ্চিত করা যায়নি। একই সঙ্গে ট্রাম্প সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘খুব শক্ত পদক্ষেপ’ নেবে।

খবরে বলা হচ্ছে, সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর এই প্রথম কোনো বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২৬ বছর বয়সী এরফান সোলতানিকে যথাযথ বিচার ছাড়াই ফাঁসির প্রস্তুতি চলছে। গত সপ্তাহে রাজধানী তেহরানের কাছের শহর কারাজ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইরানে যোগাযোগব্যবস্থা প্রায় সম্পূর্ণ অচল থাকার মধ্যেই ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স দেশটিতে বিনামূল্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘হোলিস্টিক রেজিলিয়েন্স’-এর নির্বাহী পরিচালক আহমাদ আহমাদিয়ানের বরাতে বলা হয়, ইরানে স্টারলিংকের সাবস্ক্রিপশন ফি মওকুফ করা হয়েছে। ফলে যাদের কাছে রিসিভার রয়েছে, তারা বিনা খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

অন্যদিকে, নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলভি ইসলামি প্রজাতন্ত্রবিরোধী আন্দোলনে এক ধরনের প্রতীকী নেতৃত্বে উঠে এসেছেন। শৈশবে তাকে ইরানের পরবর্তী শাহ হিসেবে প্রস্তুত করা হয়েছিল। প্রায় পাঁচ দশক ধরে নির্বাসনে থাকা পাহলভি ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন, ইরানের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে ‘আর দেরি না করে দ্রুত পদক্ষেপ’ নিতে।

ইরানে কী ঘটছে

ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কয়েক রাতের টানা বিক্ষোভের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ধর্মীয় শাসনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি। তারা বলছে, সরকার গুলি চালিয়ে বিক্ষোভকারীদের হত্যা করছে এবং পাঁচ দিনের বেশি সময় ধরে ইন্টারনেট বন্ধ রেখে প্রকৃত পরিস্থিতি আড়াল করছে।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর শুরু করে, তাহলে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নেবে। তেহরানের কৌঁসুলিরা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া কয়েকজনের বিরুদ্ধে ‘মোহারেবেহ’ বা ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার’ অভিযোগে মৃত্যুদণ্ডের মামলা করা হবে।

ট্রাম্প বলেন, “তারা যদি এমন কিছু করে, আমরা খুব শক্ত পদক্ষেপ নেব। তারা হাজার হাজার মানুষ হত্যা করছে, এখন আবার ফাঁসির কথা বলছে—দেখা যাক, এটা তাদের জন্য কতটা ভালো হয়।”

এর আগে ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প ইরানিদের উদ্দেশে লেখেন, ‘বিক্ষোভ চালিয়ে যাও।’ তিনি আরও জানান, বিক্ষোভকারীদের হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করা হয়েছে। কী ধরনের সহায়তা আসছে বা কোন বৈঠকের কথা বলা হচ্ছে, তা স্পষ্ট করেননি তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তেহরানের দক্ষিণে কাহরিজাক মর্গে সারি সারি মরদেহ দেখা গেছে। কালো ব্যাগে মোড়ানো মৃতদেহের মধ্যে স্বজনরা তাদের প্রিয়জনকে খুঁজছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির তথ্যমতে, বুধবার ভোর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২ হাজার ৫৭১ জনে দাঁড়িয়েছে।

নরওয়েভিত্তিক এনজিও ‘ইরান হিউম্যান রাইটস’ জানিয়েছে, এরফান সোলতানিকে ইতোমধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং বুধবারই তার ফাঁসি কার্যকর হতে পারে। অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, নিরাপত্তা বাহিনীর ডজনখানেক সদস্য নিহত হয়েছেন। তাদের স্মরণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং তেহরানে বড় আকারের জানাজার আয়োজন করা হবে।

সোমবার সরকারপন্থী বড় সমাবেশের মাধ্যমে রাস্তায় নিয়ন্ত্রণ ফেরানোর চেষ্টা করা হয়। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এসব সমাবেশকে আন্দোলনের পরাজয়ের প্রমাণ হিসেবে উল্লেখ করেন এবং যুক্তরাষ্ট্রের জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেন।

ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানি জনগণের ‘প্রধান হত্যাকারী’ হিসেবে অভিযুক্ত করেন। এএফপি জানায়, মঙ্গলবার কিছু এলাকায় আংশিকভাবে আন্তর্জাতিক ফোন সংযোগ চালু করা হলেও সংযোগের মান ছিল দুর্বল।

১৯৮৯ সাল থেকে ক্ষমতায় থাকা ৮৬ বছর বয়সী খামেনি সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। সর্বশেষ জুনে ইসরাইলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা নিহত হন। এ প্রেক্ষাপটে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎসে মন্তব্য করেন, যে শাসন কেবল সহিংসতার মাধ্যমে টিকে থাকে, তা কার্যত শেষের পথে—এ শাসনের শেষ দিন ও সপ্তাহগুলো আমরা দেখছি।