tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদসারাদেশটেকনাফে আরও ১৪ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি

টেকনাফে আরও ১৪ জেলেকে অপহরণ করল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের নাইক্ষ্যংদিয়া উপকূলীয় এলাকা থেকে ফেরার পথে দুটি নৌকাসহ আরও ১৪ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি (এএ)’। ট্রলার মালিকদের অভিযোগ অনুযায়ী, এই অপহরণের পেছনে রয়েছে ওই গোষ্ঠীর সক্রিয় ভূমিকা।

রোববার (২৪ আগস্ট) দুপুরে এই অপহরণের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে যাওয়া কয়েকটি ট্রলার ঘাটে ফিরছিল। সেই সময় আরাকান আর্মির সদস্যরা আমাদের ঘাটের দুটি ট্রলারসহ ১৪ জন মাঝিমাল্লাকে তুলে নিয়ে যায়। এ ধরনের ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই আমরা সরকারের জরুরি সহযোগিতা কামনা করছি।’

এর আগের দিন, শনিবার দুপুরে একই এলাকায় ফেরার পথে আরও একটি নৌকা থেকে ১২ জেলেকে অপহরণ করে একই গোষ্ঠী। অপহৃতদের মধ্যে রয়েছেন— মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), ও নুরুল আমিন (৪৫)। আরও একজনের পরিচয় জানা যায়নি। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, ‘আরও দুটি ট্রলারসহ ১৪ জেলেকে অপহরণের বিষয়টি আমরা জেনেছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। এর আগের দিনের অপহরণ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে।’

এ প্রসঙ্গে ট্রলার মালিক সমিতির পরিচালক মো. সাজেদ বলেন, ‘জেলেরা এখন ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। বারবার এমন ঘটনায় তারা জীবনের ঝুঁকি নিয়ে সাগরে যেতে ভয় পাচ্ছেন।’

সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানায়, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদ ও বঙ্গোপসাগর উপকূল থেকে আরাকান আর্মি অন্তত ২৪০ জেলেকে অপহরণ করেছে। এর মধ্যে চলতি বছরের মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত অপহৃত হয়েছেন ১৮০ জন। বিজিবির সহায়তায় প্রায় ২০০ জনকে বিভিন্ন দফায় উদ্ধার করে ফিরিয়ে আনা হয়েছে।

আজকের সর্বশেষ ঘটনায় ফের সাগরপথে মাছ ধরায় আতঙ্ক দেখা দিয়েছে, এবং অনেক জেলে নিরাপত্তার শঙ্কায় পেশা ছেড়ে ঘাটে ফিরে আসছেন।