আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে নির্বাচন কমিশনে শুনানিকালে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (২৪ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই অস্থিরতা দেখা দেয়। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
তিনি বলেন, “ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের বর্তমান প্রার্থী তার গুণ্ডাবাহিনী নিয়ে ইসিতে উপস্থিত হন এবং হাতাহাতিতে জড়ান। এ ধরনের ঘটনা খুবই লজ্জাজনক ও কমিশনের ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ।”
রুমিন অভিযোগ করেন, তার পক্ষে অবস্থান নেওয়ায় তার অনুসারীদের ওপর প্রথমে হামলা চালানো হয়। তিনি বলেন, “আমি একজন নারী প্রার্থী। আমার লোকজন বসে থাকলে চলত না। তাদের মারধর করা হয়েছে, তাই তারা জবাব দিয়েছে।”
এ ঘটনায় এনসিপির তিন কর্মী—প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মুস্তফা সুমন ও আতাউল্লাহ আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। তবে রুমিন ফারহানা বলেন, হামলাকারীদের পরিচয় সম্পর্কে তিনি নিশ্চিত নন।
এর আগে দুপুর ১২টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের সীমানা সংক্রান্ত শুনানি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে এবং সংঘর্ষ শুরু হয়।
ইসি কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং পরে শুনানির সমাপ্তি ঘোষণা করা হয়।
শুনানিতে রুমিন ফারহানা ইসির প্রকাশিত খসড়ার পক্ষে যুক্তি তুলে ধরেন, যেখানে তার নির্বাচনী এলাকার জনসংখ্যাভিত্তিক বিভাজনকে সঠিক বলে উল্লেখ করেন। অন্যদিকে, ওই এলাকার কয়েকজন খসড়ার বিরুদ্ধে বক্তব্য রাখেন।



