কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন সাগরে মাছ ধরতে গিয়ে ৯ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম বিষয়টি নিশ্চিত করেছেন। আটক জেলেরা হলেন—মনজুর আলম (২৮), মো. আব্দুল্লাহ (২৬), মো. আনোয়ার (২৭), ওমর ফারুক (১৭), জাফর আলম (১৬), কবির আহমেদ (৫৫), মো. রাসেল (২৬), জসিম আহমেদ (১৮) ও মো. ইব্রাহীম (২১)। তারা দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকায় করে সাগরে ছিলেন।
স্থানীয় জেলে আহমেদ উল্লাহ জানান, সাগরে মাছ ধরার সময় বাংলাদেশের জলসীমা ও মিয়ানমারের জলসীমা নির্ধারণ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ কারণে জেলেরা অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করে ফেলতে পারেন।
ইউএনও আরও জানান, বিষয়টি নিয়ে কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে জেলেদের মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



